যেখানে দিলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণের ঘোষণা
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পদ্মা নদীর যে স্থানে ব্যারেজ নির্মাণ করলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজধানী খ্যাত এই জেলায় আম সংরক্ষণের জন্য কোন হিমাগার নেই। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের অগ্রভাগে থাকবে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।
দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বিগত দিনের শাসন ব্যবস্থায় সাধারণ মানুষ যে বৈষম্যের শিকার হয়েছে, তা দূর করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রয়োজন। তিনি বলেন, সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার ও শাস্তি হবে, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদের ক্ষেত্রেও কোন ছাড় দেওয়া হবে না। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী—সবার জন্য সমান হবে। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, তিস্তা পাড় থেকে সমুদ্র পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া—সর্বত্র আজ ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে ও মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারের গর্বিত অংশীদার চাঁপাইনবাবগঞ্জ। তিনি প্রশ্ন রেখে বলেন, কেন এই গণজোয়ার? উত্তরে বলেন, মানুষ বিগত ৫৪ বছরের শাসন ও অপশাসন দেখেছে এবং তাতে ক্লান্ত হয়ে পড়েছে। জনগণ এখন পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। জুলাই যোদ্ধারা রাস্তায় নেমে বলেছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’। তার মানে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নেই, আর সেই ন্যায়বিচারই আমরা প্রতিষ্ঠা করতে চাই।
তিনি বলেন, যে জাতি মায়েদের সম্মান করে, আল্লাহ সেই জাতির সম্মান বাড়িয়ে দেন। মায়ের সম্মান রক্ষায় ছেলেদের জীবন দিতে হবে—এটাই আমাদের অঙ্গীকার।
সভায় ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তাদের বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
What's Your Reaction?

