আদিবাসী ও সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিতে সংবাদ সম্মেলন
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আদিবাসীসহ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সুষ্ঠু ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের আয়োজনে শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু। তিনি বলেন, বাংলাদেশে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সুষ্ঠু ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে এই জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্য, ভীতি, নিপীড়ন ও সহিংসতার শিকার হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন এলেই আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। অনেক ক্ষেত্রে তাদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, এমনকি জোরপূর্বক ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়। এটি শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং সংবিধান পরিপন্থী এবং গণতন্ত্রের জন্য চরম হুমকি।
অ্যাডভোকেট প্রভাত টুডু বলেন, বাংলাদেশের সংবিধানের ১১, ২৭, ২৮ ও ৩৭ অনুচ্ছেদে সকল নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দেওয়া হয়েছে। অথচ বাস্তব চিত্র অত্যন্ত হতাশাজনক। রাষ্ট্রের মালিক জনগণ, সরকার নয়। জনগণের সেই ক্ষমতা প্রয়োগের একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচন ও নির্বাচনকালীন সময়ে আদিবাসী ও সংখ্যালঘুদের সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ; নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে আদিবাসী ও সংখ্যালঘু বিরোধী সহিংসতা প্রতিরোধে সেনা, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা; নির্বাচন কমিশনের আরও সক্রিয়, নিরপেক্ষ ও সংবেদনশীল ভূমিকা পালন এবং ভয়ভীতি বা হুমকির অভিযোগে তাৎক্ষণিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
এছাড়া সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, উত্তরবঙ্গ থেকে একজন আদিবাসী টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ, সংরক্ষিত আসনে আদিবাসী প্রতিনিধি নির্বাচন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়। একই সঙ্গে আদিবাসী ও সংখ্যালঘু ভোটারদের মধ্যে সচেতনতা ও আস্থার পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়।
বক্তব্যে প্রভাত টুডু বলেন, “আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, আমরা চাই ন্যায়ের রাজনীতি। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আদিবাসী, সংখ্যালঘু, কৃষক, শ্রমিক ও নারী—সবাই নিরাপদ থাকবে এবং সম্মান পাবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের রাজশাহী মহানগর সভাপতি সুমি মুরমু, সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, কোল নেত্রী রুমালী হাসদা, আদিবাসী নেত্রী মনিকা সরেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?

