জলরঙে আঁকা ছবি

Mar 11, 2026 - 20:25
Mar 12, 2026 - 00:23
 0  107
জলরঙে আঁকা ছবি
Photo: ah/ov

-        জেবুন নাহার

০৯ মার্চ ২০২৬

 

হৃদয় মুছে মুছে বার বার

চকচকে করে রাখি তোর মুখ,

উদয়াস্তচল সেচে সেচে ফের

কুড়িয়ে ফিরি স্মৃতির ঝিনুক!!

 

জল রঙে আঁকা সেই ছবিটার

চোখ জুড়ে থাক সম্মোহনী,

পাশ কাটানোর প্রচেষ্টা সব

পশ্চিমে যাক ঠিক যখনই

নয়ন মুদি, সুযোগ খুঁজি,

পালিয়ে বাঁচার, বাঁচিয়ে চলার!

 

ছবি তো নয়, অমিয় সুধা!

সৃষ্টি সুখের অজেয় ক্ষুধা!

বুভুক্ষু মন ভর দুপুরে

চিত্রকলার সরোবরে

পান পাত্র নিংড়ে সুধা

পূর্ণ করে অপূর্ণতা!!

 

সে উদ্দেশে হাতড়ে মরি

হাজার কারণ, ছুঁতা-নাতা,

ছুঁয়ে দিতে ছবির রঙে

নিজের কাছেই বায়না ধরি।।

 

শিশির ভেজা পদ্মকুঁড়ি

হৃদয় মাঝে লুকিয়ে রাখি,

আগলে রাখি, চমকে দেখি,

কুজন যে বা তার নজরে

সযতনে গোপন করি,

প্রস্ফুটিত পদ্মকুঁড়ি!!

 

আমার তরে সরোবরে

শিশির সিক্ত পদ্মকলি

হোক অমলিন, হোক কিংশুক!!

 

দোহাই পদ্মভূক!!!

এদিক পানে না যেন চাস,

বাঁকা নজর এ পাশ ও পাশ

কান কথাতে লাগিয়ে বাতাস

বিঁধিয়ে দিতে বিষাক্ত হুল

হসনে যেন বিষম ব্যাকুল!

 

পদ্মকুঁড়ি ভীষণ কোমল,

গোলাপী বরণ, রোদের কিরণ,

স্বচ্ছ স্ফটিক শান্ত জলে

জাগাসনে ঢেউ আজ সকালে,

দুলিয়ে দিলেও মিলিয়ে না যায়

নিখুঁত আঁচড় মনের খাঁচায়!!

 

পাকা রঙের জলছবিটা

বড্ড আকুল করবে আমায়!!

ভ্রান্তলোকের ভ্রান্তিবিলাশ

খেই হারাবে কাটতে যে ঘাস!

বুঝবে না তো কেমন দামি

সেই ছবিটাই আমার আমি

হারিয়ে গেলেও পথ খুঁজে পায়,

কাব্য করি কবির খাতায়!!

 

ছড়াকারের ছন্দ পতন

ছড়ায় যে রঙ যখন তখন,

কোথায় পাব আমি এমন

অমূল্য ধন তাহার মতন?

 

অপলকের পলক হারা

নয়ন দ্যুতি জগত ছাড়া

ভিন জগতের দিগন্ততে

ছড়ায় যেন মুক্তধারা!!

 

সেই নেশাতেই হৃদয় মুছি

বারে বারে তাকেই খুঁজি।

বুঝবেনা কেউ কেমন তালে

কোন খেয়ালে রোজ সকালে

নটোবরের ঘুঙুর ছড়া

হারায় বাঁধন, হারায় কড়া,

একটা দুটো এ বিন্যাসে

ছড়িয়ে লুটায় পথের ধুলা!!

 

অবুঝ সকল থাকুক শুচি

হয়ত আমি তাদের বুঝি-

এ যে বিভেদ নয়তো আমার,

নয়তো তাহার কিংবা তোমার-

এ যে বিভেদ দিব্যলোকের

কি আর করার, কি আর করার!!

 

হৃদয় মুছে মুছে বার বার

চকচকে করে রাখি তোর মুখ,

উদয়াস্তচল সেচে সেচে ফের

কুড়িয়ে ফিরি স্মৃতির ঝিনুক!!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online