কমরেড শ্রীকান্ত দাশের প্রয়াণদিবসে ভার্চুয়াল “স্মরণসভা” অনুষ্ঠিত

Nov 22, 2026 - 06:41
 0  8
কমরেড শ্রীকান্ত দাশের প্রয়াণদিবসে ভার্চুয়াল “স্মরণসভা” অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ডঃ আনসার আহমেদ উল্লাহ

১৯ নভেম্বর ২০২৬ কমরেড শ্রীকান্ত দাশের সতেরতম প্রয়াণদিবস উপলক্ষে ভার্চুয়াল “স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে।

কমরেড শ্রীকান্ত দাশ শোষণ ও সামাজিক বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে এক দ্রোহী সংসপ্তক ছিলেন। ছিলেন সমাজ পরিবর্তনের চিন্তক।
কানাডার মন্ট্রিয়ল, টরন্টো ও নিউইয়র্ক সময় সকাল দশটা, যুক্তরাজ্য সময় দুপুর তিনটা এবং বাংলাদেশ সময় রাত নয়টায় লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদের সঞ্চালনা ও বীর মুক্তিযোদ্ধা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ সৈয়দ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।
স্মরণসভার শুরুতে কমরেড শ্রীকান্ত দাশের স্মরণে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাঁর কর্ম ও জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সঞ্চালক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত, লেখক গবেষক তাজুল মোহাম্মদ।
বিশ্বের নানা প্রান্ত হতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সামাজিক, রাজনৈতিক, শিল্পী সংস্কৃতির নানা শ্রেণিপেশার মানুষ।
লেখক তাজুল মোহাম্মদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাওরের যোগাযোগ উন্নয়নে যে উড়াল সেতুর কথা আমরা পাই তার চিন্তার দর্শন আশির দশকেই কমরেড শ্রীকান্ত দাশের চিন্তা হতে পাই। এই শিল্পী সংগ্রামীর বিপ্লবী রাজনৈতিক জীবনদর্শন নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তার প্রতি বিপ্লবী শ্রদ্ধা জানানোর উদ্দেশে এই স্মরণসভার অনুষ্ঠান।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ সৈয়দ শাখাওয়াত হোসেন, অধ্যাপক ডাঃ সুধেন্দু বিকাশ দাস, লেখক অনুবাদক ও টেগোর সেন্টার সিলেটের নির্বাহী প্রধান মিহিরকান্তি চৌধুরী, সাবেক পিপি ও সুনামধন‍্য আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সিলেট চা-শ্রমিক এবং রিক্সা-ব‍্যাটারী-বাইক শ্রমিক আন্দোলনের নেতা, অ‍্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, আইনজীবী ও লেখক সুব্রত দাশ, সুনামগঞ্জের গণমাধ্যম কর্মী কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মেঠোসুর এর সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী বিমান তালুকদার ও কমরেড শ্রীকান্ত পুত্র সুশান্ত দাস প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মেঠোসুর এর সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী বিমান তালুকদার, গণমাধ্যম কর্মী সন্দীপন শুভ ও সিলেট উদীচীর সারথী শ্রমিক সন্দীপ ।
লেখক ও রবীন্দ্র গবেষক মিহিরকান্তি চৌধুরী বলেন, সমাজ পরিবর্তনের প্রতি নিষ্ঠা, তাঁর আত্মনিবেদন, নিভৃত জীবনযাপন, সমস্ত প্রতিকূলতাকে জয় করে নিজের নীতি আদর্শে অবিচল ও নির্লোভ থেকে তাঁর আজীবন পথচলা আমাদের জন্য এক অনন্য শিক্ষা। তিনি শ্রীকান্ত দাশকে ভূমিপুত্র হিসেবে অভিহিত করেন।
সিলেট জেলা বারের প্রাক্তন সভাপতি বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন বাংলাদেশের বাম রাজনীতির নানা ধারা ও এর গতিপ্রকৃতির নানাদিক তুলে ধরেন। তিনি বলেন, কমরেড শ্রীকান্ত দাশের আদর্শ ছিল সমাজতন্ত্র। উনার জীবনে বাহিরে যা ছিল, ভিতরেও তা ছিল। উনার জীবন শুধু কথায় নয় বাস্তবে, শুধু কাগজে নয় বাস্তবে, শুধু তথ‍্যে নয় প্রয়োগে, উনি যা করেছেন তা অনুকরণীয় হয়ে নতুন প্রজন্মের সামনে আসুক।
অধ‍্যাপক ডাক্তার সুধেন্দু বিকাশ দাস স্মৃতিচারণ করে শ্রীকান্ত দাশ লিখিত মুক্তিযুদ্ধের নাটক এর নানা দিক ও বৈশিষ্ট্য নিয়ে কথা বলেন।
বাম রাজনীতিবিদ অ্যাডভোকেট আনোয়ারা হোসেন সুমন কমরেড শ্রীকান্ত দাশের সাথে ব্যাক্তিগত সম্পর্ক ও তাঁর সুখকর সান্নিধ্য লাভের স্মৃতিচারণ করে বলেন, 'পাকিস্তান আমলে বাম রাজনীতি নিষিদ্ধ থাকাকালীন তারা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তা জানতে বুঝতে শ্রীকান্ত দাশের সাথে আমি কথা বলতাম। আমি নিজে ঋদ্ধ হয়েছি, তিনিও আমাদের সাথে কথা বলে আনন্দ পেতেন।' তিনি আরও বলেন, ১৯৬৮ সালের সিলেট জেলার গোপন কংগ্রেস শ্রীকান্ত দাশের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল তা থেকে শ্রীকান্ত দাশ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কতটা আস্থাভাজন ছিলেন তা আমরা ধারণা করতে পারি।
আইনজীবী ও লেখক সুব্রত দাশ বলেন, যাদের জন্য সংগ্রাম তাদের কাছাকাছি থাকা, তাঁদের একজন হয়ে কাজ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রেও কমরেড শ্রীকান্ত দাশ অনুকরণীয়। 
কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কমরেড শ্রীকান্ত দাশ আমাদের পথ প্রদর্শক, আমরা উনাকে হৃদয়ে ধারণ করি; তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ।আরো বক্তব্য রাখেন মেঠোসুর এর সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী বিমান তালুকদার, কমরেড শ্রীকান্ত-পুত্র সুশান্ত দাস প্রমুখ। এছাড়াও স্মরণ সভাতে সংগীত পরিবেশন করেন বিমান তালুকদার, গণমাধ্যম কর্মী সন্দীপন শুভ ও সিলেট উদীচীর শ্রমিক সন্দীপ ।
সভাপতি ডঃ সৈয়দ শাখাওয়াত হোসেন বর্তমান বাস্তবতায় কমরেড শ্রীকান্ত দাশের মতো মহৎ  ব্যাক্তিদের সাধারণত মানুষের কাছে তোলে ধরার প্রয়োজনীয়তার প্রতি সমধিক গুরুত্ব আরোপ করেন এবং মুক্তিযোদ্ধের চেতনায় দেশ গড়ার সংগ্রামে আত্মনিয়োগ করার জন্য সকলেকে আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। এবং গণসংগীত শিল্পী আব্দুল করিমের গানের মাধ্যমে স্মরণসভার ইতিটানা হয় ।
ভার্চুয়াল স্মরণসভায় সংযুক্ত হয়েছিলেন প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা অ‍্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, কবি ও লেখক নীলকান্ত দাশ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ইফতেখারুল হক পপলু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল যুক্তরাজ্যের অন্যতম নেতা সলিসিটর শাহরিয়ার বিন আলী,  দুরন্ত দাস,  মতিয়ার মিয়া, কাজল সরকার,  প্রসেনজিৎ চৌধুরী,  শিমুল চন্দ্র দাস, উর্মি তালুকদার,  এল্টন সরকার, রেমী তালুকদার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশ, রথীন্দ্র সরকার, দেবেশ দাস, মৃদুল চন্দ্র দাস, জুয়েল মজুমদার প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online