লন্ডনে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ইতিহাস সংরক্ষণে প্রকল্প

Sep 13, 2026 - 23:21
 0  9
লন্ডনে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ইতিহাস সংরক্ষণে প্রকল্প
ছবিঃ প্রতিনিধি/ওভি

ডঃ আনসার আহমেদ উল্লাহ
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ফুটবলের ৫০ বছরের ইতিহাস তুলে ধরা ও সংরক্ষণের লক্ষ্যে নতুন একটি হেরিটেজ প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। 
‘বেঙ্গল ইউনাইটেড: দ্য স্টোরি অব ব্রিটিশ বাংলাদেশি ফুটবল ইন টাওয়ার হ্যামলেটস’ নামের প্রকল্পটি স্বাধীনতা ট্রাস্টের উদ্যোগে এবং ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের সহায়তায় পরিচালিত হচ্ছে। ১৯৭০-এর দশকে ইস্ট এন্ডে বাঙালিদের ব্যাপকভাবে বসতি স্থাপন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কমিউনিটির ফুটবলের বিকাশের ইতিহাস এতে তুলে ধরা হবে।
প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় ইতিহাসবিদ ও লেখক তারিক হুসেইন। টাওয়ার হ্যামলেটসে বেড়ে ওঠা তারিক স্টেপনি এফসি, স্পোর্টিং বেঙ্গল ও বিউমন্ট অ্যাথলেটিকসহ বাংলাদেশি-প্রতিষ্ঠিত বিভিন্ন দলের হয়ে ফুটবল খেলেছেন। আগামী এক বছর তিনি তরুণ স্বেচ্ছাসেবক ও কমিউনিটির সদস্যদের সঙ্গে নিয়ে পুরোনো ছবি, নথিপত্র, জার্সি, স্মারক ও পাঁচ দশকের বেশি সময়ের ফুটবল-সংশ্লিষ্ট মানুষের ব্যক্তিগত স্মৃতি সংগ্রহ করবেন। তারিক হুসেইন বলেন, “টাওয়ার হ্যামলেটসে বেড়ে ওঠা আমার মতো মানুষের জন্য ফুটবল কখনোই শুধু একটি খেলা ছিল না। এখানেই আজীবনের বন্ধুত্ব তৈরি হয়েছে, আমরা কমিউনিটির সঙ্গে যুক্ত হয়েছি এবং অনেকের মতো আমরাও প্রথম অনুভব করতে শুরু করেছি যে লন্ডনের এই অংশটিও আমাদের।” 
তিনি বলেন, ব্রিটিশ বাংলাদেশিদের জীবনে ফুটবল শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং বিভিন্ন সময়ে এটি সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকা পালন করেছে।
“ব্রিটিশ বাংলাদেশিদের জীবনে ফুটবল নানা ধরনের ভূমিকা পালন করেছে,” বলেন তারিক। “প্রথমদিকে দলগুলো ও যুব সংগঠনগুলো বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হয়ে উঠেছিল। ১৯৯০-এর দশকে যখন মাদক ও মাদকাসক্তি আমাদের কমিউনিটির বিভিন্ন অংশকে বিপর্যস্ত করছিল, তখন ফুটবল অনেক তরুণের জন্য ইতিবাচক কিছু করার এবং অনুপ্রেরণাদায়ী মানুষদের অনুসরণ করার সুযোগ তৈরি করেছিল।”তাঁর মতে, ফুটবল সফরের মাধ্যমে তরুণরা ব্রিটেনের বিভিন্ন অঞ্চল ও বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে। বর্তমানে গ্রাম ও উপজেলা পর্যায়ের টুর্নামেন্টগুলোও ব্রিটিশ বাংলাদেশিদের বাবা-মা ও পূর্বপুরুষদের জন্মভূমির সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনে ভূমিকা রাখছে।
টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি ফুটবলের দীর্ঘ ইতিহাস থাকলেও তা কখনো পূর্ণাঙ্গভাবে নথিবদ্ধ করা হয়নি। প্রথমদিকের অনেক খেলোয়াড়, সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তি এখন প্রবীণ কিংবা মারা গেছেন। ফলে তাদের স্মৃতি, পুরোনো ছবি, দলের জার্সি, প্রচারপত্র ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে। প্রকল্পের আওতায় তরুণ স্বেচ্ছাসেবকদের স্থানীয় ইতিহাস গবেষণা ও মৌখিক ইতিহাস সংগ্রহের প্রশিক্ষণ দেওয়া হবে। তারা খেলোয়াড়, কোচ, ম্যানেজার, সংগঠক, পরিবারের সদস্যসহ ফুটবলের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষের সাক্ষাৎকার গ্রহণ ও তাদের অভিজ্ঞতা নথিবদ্ধ করবেন। 
স্বাধীনতা ট্রাস্টের সভাপতি জামিল ইকবাল বলেন, “টাওয়ার হ্যামলেটসে ব্রিটিশ বাংলাদেশি অভিজ্ঞতার অন্যতম গুরুত্বপূর্ণ অথচ অনথিভুক্ত গল্প হলো ফুটবল। প্রজন্মের পর প্রজন্ম এটি আমাদের কমিউনিটির অংশ হয়ে আছে, কিন্তু এই ইতিহাসের বড় একটি অংশ এখনো মানুষের স্মৃতি, পারিবারিক ছবি ও ব্যক্তিগত সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ।” তিনি বলেন, “আমরা আশা করি, এই প্রকল্প আমাদের ঐতিহ্যের এই গুরুত্বপূর্ণ অংশকে প্রাপ্য দৃশ্যমানতা ও স্বীকৃতি দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করবে।”
প্রকল্পের মাধ্যমে সংগৃহীত তথ্য ও উপকরণ একটি বিনামূল্যের অনলাইন রিসোর্স, শিক্ষামূলক প্রকাশনা ও ভ্রাম্যমাণ প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে। মৌখিক ইতিহাস ও নির্বাচিত ডিজিটাল উপকরণ টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। প্রকল্পের শেষে একটি জনসম্পৃক্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত ঐতিহাসিক উপকরণ তুলে ধরা হবে। এর মাধ্যমে টাওয়ার হ্যামলেটসে ব্রিটিশ বাংলাদেশিদের জীবনে ফুটবল কীভাবে সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, সেই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online