লন্ডনে খানের ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ গ্রন্থের মোড়ক উন্মোচন

Nov 26, 2026 - 06:39
 0  4
লন্ডনে খানের ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ছবি: এ রহমান অলি

লন্ডন, ২২ নভেম্বর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান রচিত ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনে।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা, সংগ্রাম, ত্যাগ এবং বাঙালির আত্মপরিচয়ের ইতিহাস তুলে ধরা হয়েছে গ্রন্থটিতে। আবদুল আজিজ তকির ইংরেজি অনুবাদে প্রকাশিত বইটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

শনিবার পূর্ব লন্ডনের একটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই। উপস্থাপনা করেন সেলিনা শেলী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি শামীম আজাদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, ক্রয়ডনের সাবেক মেয়র হুমায়ুন কবির, সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী এবং ডেপুটি স্পিকার কাউন্সিলর ইকবাল হোসেন প্রমুখ।

গ্রন্থের মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন লেখক ও রাজনীতিবিদ হরমুজ আলী, লেখকের পুত্র আসিফ রহমান খান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান খান, লুৎফুর রহমান সায়েদ, সাবেক কাউন্সিলর ও রাজনীতিবিদ রাজন উদ্দিন জালাল, মইনুল হক, সৈয়দ এনামুল হক, সাহাবুদ্দিন চঞ্চল, সায়েদ আহমদ সাদ, আমিনুল হক জিলু এবং গবেষক ড. আনসার আহমেদ উল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিরা।

আলোচনায় বক্তারা বলেন, ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ কেবল মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কোনো গ্রন্থ নয়; এটি একজন প্রত্যক্ষ মুক্তিযোদ্ধার অভিজ্ঞতা ও উপলব্ধির প্রামাণ্য দলিল। লেখক নিজে রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা হওয়ায় বইটিতে যুদ্ধকালীন বাস্তব অভিজ্ঞতা, আত্মত্যাগ, সংগ্রাম এবং স্বাধীনতার জন্য বাঙালির আকাঙ্ক্ষার জীবন্ত চিত্র ফুটে উঠেছে।

বক্তারা আরও বলেন, গ্রন্থটি ইংরেজিতে অনূদিত হওয়ায় যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি পাঠকদের কাছেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সময়ের সঙ্গে নানা বিভ্রান্তি ও ভুল ব্যাখ্যা তৈরি হওয়ার প্রেক্ষাপটে একজন সম্মুখযোদ্ধার ব্যক্তিগত স্মৃতিকথা হিসেবে বইটি ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাঁদের মতে, এ ধরনের গ্রন্থ নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও জাতীয় আত্মপরিচয় জাগ্রত করার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে সহায়তা করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online