হরিমোহন বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক ইসলামের বিদায় সংবর্ধনা

Feb 3, 2026 - 23:34
 0  75
হরিমোহন বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক ইসলামের বিদায় সংবর্ধনা
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলামের অবসর গ্রহণ উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ আলী সাইফ। এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন তাওসীফ হোসেন, শাফি শাহরিয়ার ভাষা ও শাখাওয়াত হোসেন আশিক। তারা তাদের প্রিয় শিক্ষকের স্নেহ, শাসন ও অনুপ্রেরণার নানা স্মৃতি আবেগভরে তুলে ধরেন।
সহকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ মাহবুবুল হক মিঠু, আনোয়ার জাহান, এইচ এস বুলবুল আলীম দাদ খাঁন, সৈয়দ মফিজুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান ও আব্দুল বাশির। তারা মোঃ সাদেকুল ইসলামের সততা, নিষ্ঠা ও শিক্ষার্থীবান্ধব মানসিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন।
এছাড়াও বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক মোঃ আব্দুস সালাম ও জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন।
বিদায়ী শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই মুহূর্ত আমার জীবনের এক আবেগময় অধ্যায়। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার হয়ে উঠেছিল। এখানকার প্রতিটি শ্রেণিকক্ষ ও প্রতিটি মুখ আমার হৃদয়ে গেঁথে থাকবে চিরদিন। আমি যদি কোন শিক্ষার্থীর জীবনে সামান্য আলো জ্বালাতে পেরে থাকি, সেটাই আমার সবচেয়ে বড় অর্জন।
তিনি আরও বলেন, অবসর নিলেও সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা নিয়ে তিনি কখনো বিদায় নিচ্ছেন না এবং এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এই কামনাই করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা আনিস। তিনি তাঁর বক্তব্যে মোঃ সাদেকুল ইসলামকে একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক হিসেবে উল্লেখ করে বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, মোঃ সাদেকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা। তিনি ১৯৯৪ সালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শেষে পুনরায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন, যাদের অনেকেই আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
বিদায় সংবর্ধনার শেষপর্বে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online