সীমান্তে পৃথক অভিযানে মোবাইল, মাদক ও গরু আটক

May 16, 2026 - 11:52
 0  31
সীমান্তে পৃথক অভিযানে মোবাইল, মাদক ও গরু আটক
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

একই দিনে পৃথক অভিযানে ৪টি ভারতীয় গরুও জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে ভোলাহাট উপজেলার চামুচা ইউনিয়নের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপি থেকে সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারি দল পালিয়ে যায়।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে সব ধরনের চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, মঙ্গলবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পৃথক চারটি অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি জানায়, হাকিমপুর, ফরিদপুর, মনাকষা ও জহুরপুর বিওপির বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর, কদমতলী, চাচ্চুরচর এবং সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গরু জব্দ করে। জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা।
জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চলতি মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১৬টি গরু জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online