শিবগঞ্জ সীমান্তে বিপুল নেশাজাতীয় সিরাপসহ আটক একজন
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি সিএনজি সহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাত ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল উপজেলার কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি চালানো হয়।
এসময় মো. ফরিদ (৪৫) নামে এক ব্যক্তিকে ৭৮ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় Eskuf DX সিরাপ ও একটি টিভিএস সিএনজিসহ আটক করা হয়। আটক ফরিদের বাড়ি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের চককৃর্তি গ্রামে।
বিজিবি জানায়, আটক আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং জব্দকৃত সিরাপ ও সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত তিন মাসে ৫৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার ১০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
What's Your Reaction?

