চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার পরিচালিত এক বিশেষ অভিযানে এসব অস্ত্র জব্দ করা হয়। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে মাসুদপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে সারা দেশে বিজিবির অভিযানে ৩৪টি বিদেশি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডারসহ বিভিন্ন ধরনের মোট ৫৪টি অস্ত্র জব্দ করা হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) একাই একজন আসামিসহ ৯.৩ কেজি বিস্ফোরক, ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা যেন বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা চালাতে না পারে, সে লক্ষ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সব সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ।
What's Your Reaction?

