নড়াইল-২ আসনে গণঅধিকার প্রার্থী ইসলামের গণসংযোগ
নড়াইল, ২৮ ডিসেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – প্রচন্ড শীত ও কুয়াশার মধ্যেও নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।
নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিদিন ভোর থেকেই নির্বাচনী এলাকার গ্রাম-গঞ্জে ছুটে যাচ্ছেন তিনি। শনিবারও সকাল থেকে মধুমতির ভাঙন কবলিত ইতনা ইউনিয়নের ভোটারদের কাছে ছুটে যান ট্রাক প্রতীকের প্রার্থী লায়ন নূর ইসলাম। গণসংযোগকালে ভোটারদের দোয়া ও সমর্থন চান তিনি। ভোটারদের সুখ-দুঃখের কথা শোনেন এবং এলাকার উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা জানান।
গণঅধিকার পরিষদ প্রার্থী লায়ন নূর ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে নড়াইল-২ আসনের সড়ক, সেতুর উন্নয়নসহ নদী ভাঙন কবলিত এলাকার সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ নির্মাণসহ ভাঙন প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া পাইপলাইনের মাধ্যমে নড়াইলের প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলার সাংগঠনিক সম্পাদক টিপু শেখসহ দলীয় নেতাকর্মীরা।
What's Your Reaction?

