ঊর্দু বা অন্য ভাষায় নয়; সকল স্লোগান বাংলা ভাষায় দাবি
ঢাকা, ২১ ফেব্রুয়ারি (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ ঊর্দুতে বা অন্য ভাষায় নয়; রাজনৈতিক স্লোগান বাংলায় দাবি করেছেন।
এই দাবি তারা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাস্তবায়নের আহ্বান জানান। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য হাশেম মোল্লা, জাতীয় শিক্ষাধারার সদস্য মিশরাত পাথারের নেতৃত্বে সকাল সাড়ে ৮ টায় শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সাথে আলাপকালে নেতৃবৃন্দ আরো বলেন, ভাষার মাসে সংসদে ইংলিশ লেখা জার্সি পরে যারা সংসদে যাচ্ছে এমপি পদে শপথ নিচ্ছে, তারা শুধু দেশ বিরোধীই না, বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি-শিক্ষা-সভ্যতারও বিরোধী। আর একারণেই এত অল্প বয়সেই দেশ বা মানুষের নয়; ক্ষমতার রাজনৈতিক ফায়দা হাসিল করার লক্ষ্যে দেশবিরোধী-দুর্নীতির রাজনৈতিক প্লাটফর্ম গুলোর ইন্ধনে নতুন দল করেছিলো। আর সেই দলকে নিয়ে জামায়াতের সাথে জোট করেছিলো। তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে পাওয়া একটা দেশের ভাষা-মায়ের ভাষাকে প্রতিনিয়ত অপমান করতে উর্দুতে গড়েছে ‘ইনকিলাব মঞ্চ’, স্লোগান দিচ্ছে উর্দুতে ‘ইনকিলাব জিন্দাবাদ’ অথবা ‘ইনসাফ জিন্দাবাদ’। গত ১৮ মাসের মবতন্ত্র থেকে মুক্তি পেয়ে দিনরাত দেশের মানুষ এখন দোয়া করছে ছাত্র-যুব-জনতার শান্তির বাংলাদেশ ফিরে পাওয়ার। এখন সেই শান্তির বাংলাদেশ গড়বার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ছাত্র থেকে হুট করেই এমপি হওয়া আর স্বাধীনতা বিরোধী হওয়া স্বত্বেও সুক্ষ্ম কারচুপির মাধ্যমে এমপি হওয়া কিছু ধর্ম-মানবতা-দেশ-স্বাধীনতা বিরোধী ব্যক্তি। এদেরকে রুখে দিতে সারাদেশে স্বাধীনতার পক্ষের মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে।
What's Your Reaction?

