পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান এমপি বুলবুলের
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
“পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানেরও অংশ” এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল।
নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জকে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এমপি নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে সোমবার সকাল ৯টায় শহরে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কর্মসূচিটি বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়।
অভিযানে স্থানীয় নেতাকর্মী, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও জানান, শহরকে বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে তিনি সকল নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত হবে।
What's Your Reaction?

