তোমার আকাশ নীলে
- জেবুন নাহার
১২.১০.২০২৬
তোমার আকাশ আজ অনেক নীল
শরতের সাদা মেঘে পাল তুলেছিল
তোমার যে ইচ্ছা রঙিন সকাল
তুন্দ্রা পেরিয়ে সে আজ
কালপুরুষের হাতে তুলে দেয়া ধনুক।
আর্তেমিসের বিরহ রোদনে
নাহি গলে হায়
এ্যাপোলো হৃদয়।
ঈর্ষা কাতর জীঘাংসু মনে
বড় নিষ্ঠুর চালে খেলেছিল বৃশ্চিক
অথচ দেখ
ভালোবাসা বয়ে চলে
মরণশীল দেহে, মাটির মায়ায়।
কাশফুলের রোয়ায় রোয়ায় উড়ে যায়
আমার স্বপ্ন কেতন।
এখনো তোমার আবছা ছায়া
পিছু করে আমার স্পষ্ট অবচেতন।
জানি, ছিঁড়ে গেছে কবে
বরষার ভেজা হাওয়ায়
রূপালি জড়োয়া মাকড়সি জাল।
তবু কুয়াশার শিকলে
বেঁধে রাখি প্রাণ
একমনে জপে যায় নিমগ্ন ভৈরবে
কেবলই তোমার নাম
যদি ফিরে আস
কুহেলীর পিছু ডাকে!
কোন এক একরোখা প্রেমে
বাঁধা পড়ে গেছি অবিরত বুননে
কোকুনের গুটিসুটি ঘুমে তুঁতে শয্যায়।
ফুঁড়ে বেরোবার ডানা হবে তুমি
উড়ে যাব আমি
তোমার আকাশ নীলে প্রজাপতি হবো
রঙিন ডানা ঝেড়ে ফেলে হবো
নিশি জাগা জোনাকি।
What's Your Reaction?

