কর্মসংস্থানের পথ দেখাবে বিজিবির ডিজিটাল স্কিল সেন্টার
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সীমান্তবর্তী এলাকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করে আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯বিজিবি) এক মাসব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ড. কেরামত আলী।
এতে সীমান্তবর্তী এলাকার ২৫ জন নির্বাচিত যুবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের ত্রুটি শনাক্তকরণ, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধ থেকে তাদের দূরে রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, জীবনমানের উন্নয়ন ঘটবে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
What's Your Reaction?

