সীমান্তে এক মাসে ৭৫ লাখ টাকার ভারতীয় পশু জব্দ
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত বিশেষ টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে। এর মধ্যে চরবাগডাঙ্গা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং বাখেরআলী বিওপি সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ২টি গরু জব্দ করে।
জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
অধিনায়ক আরও জানান, ফেব্রুয়ারি মাসে সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৭৫ লাখ টাকার ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করেছে ৫৩ বিজিবি।
তিনি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ যে কোন ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।”
What's Your Reaction?

