লন্ডনে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রদীপ প্রজ্বলন ও আবৃত্তি অনুষ্ঠান
লন্ডন, ১৫ ডিসেম্বর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) - রবিবার বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী স্মরণে, শহীদ দিবস পালন উপলক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, যুক্তরাজ্যের আবৃত্তি সংগঠন ছান্দসিক পরিবেশনায় প্রদীপ প্রজ্জ্বলন ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি সৈয়দ এনাম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল রাজ। সভাপতি সৈয়দ এনাম ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ যে দু:সময়ে এসে দাঁড়িয়েছে, শুধু রাজনৈতিক কারণে নয়। ১৯৭১ এ পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে একটি মেধাহীন প্রজন্ম গড়ে তোলা হয়েছে। যার ফলশ্রুতিতে ৫৪ বছর পর এসে আমাদের গর্বিত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছে একটি প্রজন্ম। এ দায় আমাদেরও আছে।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন বাবলু, সংগঠনের উপদেষ্টা হরমুজ আলী, কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সহ-সভাপতি নীলুফা ইয়াসমিন হাসান, কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, হৃদয়ে ৭১ এর সাধারণ সম্পাদক আলীমুজ্জামান, অনলাইন এক্টিভিস্ট সুশান্ত দাশ গুপ্ত, নারী নেত্রী নাজনীন সুলতানা শিখা, কাউন্সিলর অজন্তা দেব রায় সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।
শহীদ বুদ্ধিজীবী স্মরণে বাচিক শিল্পী মুনিরা পারভীন এর পরিচালনায় ছান্দসিকের আয়োজনে কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভীন, ঊর্মি মাজহার, স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব ও ধনঞ্জয় পাল।
সমবেত জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সহ-সভাপতি জামাল আহমদ খান অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।
What's Your Reaction?

