মাঠ থেকে মঞ্চে নবান্ন উৎসবে কৃষি ও সংস্কৃতির মিলন

Dec 22, 2025 - 23:38
 0  72
মাঠ থেকে মঞ্চে নবান্ন উৎসবে কৃষি ও সংস্কৃতির মিলন
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ধানের নতুন শীষের ঘ্রাণ, পিঠাপুলির মিষ্টি সুবাস আর গম্ভীরার তালে তালে আনন্দ সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো নবান্ন উৎসব। কৃষি ও সংস্কৃতির এই মিলনমেলায় প্রাণ ফিরে পায় বাংলার শিকড়-সংস্কৃতি।

সোমবার সদর উপজেলার দক্ষিণ শহর এলাকায় বরেন্দ্র কৃষি উদ্যোগের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। নতুন ফসল ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করে নিতে আয়োজন করা হয় আলোচনা সভা, পিঠাপুলির ভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের।

উৎসবের আলোচনা সভায় বক্তারা বলেন, নবান্ন শুধু একটি কৃষিভিত্তিক উৎসব নয় এটি বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি ঐতিহ্য।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী বলেন, কৃষকের শ্রম ও প্রকৃতির অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম উপলক্ষ নবান্ন উৎসব। আধুনিকতার ভিড়ে এই উৎসব আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়।

বরেন্দ্র কৃষি উদ্যোগের পরিচালক মুনজের আলম মানিক বলেন, কৃষিকে ঘিরে আনন্দ ও সংস্কৃতির চর্চা বাড়াতে এমন আয়োজন জরুরি। লেখক ও গবেষক জাহাঙ্গীর সেলিম নবান্নের সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখতে এমন উৎসব প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া দরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, নাচোল উপজেলা কৃষি অফিসার সালেহ আকরামসহ অন্যান্য অতিথিরা।

আলোচনা পর্ব শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা নানা রকম ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ গ্রহণ করেন। এতে কৃষি উদ্যোক্তা, সাংবাদিক, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উৎসবের শেষ পর্বে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করেন শিল্পী মানিক ও হীরক। গম্ভীরার ব্যঙ্গ-রস আর জীবনঘনিষ্ঠ কথায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শোনেন, করতালিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

শস্য, সংস্কৃতি আর মানুষের মিলনমেলায় চাঁপাইনবাবগঞ্জের নবান্ন উৎসব যেন নতুন করে স্মরণ করিয়ে দিল বাংলার কৃষিই আমাদের উৎসবের প্রাণ, আর সংস্কৃতিই তার আত্মা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online