ভোলাহাট সীমান্তে ভারত থেকে ২৭ জনকে পুশইন
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ২৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ভোররাত আনুমানিক ৪টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে পুরুষ ৮ জন, নারী ১২ জন, শিশু ৫ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছে। তারা সকলেই পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া দেশে ফেরার সময় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিজিবির টহল দলের হাতে তারা আটক হন।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভোলাহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
What's Your Reaction?

