ভারতীয় পাথর বোঝাই ট্রাকে বিপুল পরিমাণ মাদক জব্দ 

Apr 21, 2026 - 09:08
 0  50
ভারতীয় পাথর বোঝাই ট্রাকে বিপুল পরিমাণ মাদক জব্দ 
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় ট্রাকটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক ১১টার দিকে ৫৯ বিজিবির সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সোনামসজিদ বিওপি থেকে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে পার্কিং করা ভারতীয় ট্রাক (WB65-D-8924) তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ট্রাকে থাকা পাথরের ভেতরে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ পাওয়া যায়। পরে বস্তাগুলো খুলে মোট ৫ হাজার ৯৩৫ বোতল সিরাপ জব্দ করা হয়।
এর মধ্যে রয়েছে এস্কাফ ডিএক্স সিরাপ ৩ হাজার ৮৯৭ বোতল এবং ফেয়ারডিল সিরাপ ২ হাজার ৩৮ বোতল
বিজিবি জানায়, মাদক বহনের দায়ে ট্রাক ও পাথর জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান

বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online