বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত, ১৫ জনকে ফেরত নিলো ভারত
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে প্রতিহত হয়েছে। পরে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২০/এমপি এলাকায় ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে (২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু) নদীপথে নৌকাযোগে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।
তবে বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের কারণে পুশ-ইনের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় উল্লিখিত ব্যক্তিরা সীমান্তের শূন্য রেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল।
পরে বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতার মুখে একই দিন রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, “নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।”
বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
What's Your Reaction?

