সীমান্তে পুশইনের চেষ্টা করা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ৪ জুন ভোর প্রায় ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর আওতাধীন বাংগাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।
খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।
এ ঘটনার পর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের কমান্ড্যান্ট বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে বিজিবিকে আশ্বাস দেন। বিজিবি জানিয়েছে, বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিদের অবস্থান বা চলাচল আর পরিলক্ষিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, বিএসএফ রাতের কোন এক সময় তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।
এ বিষয়ে বিজিবি জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
What's Your Reaction?

