নাগিব হোসেনকে ভয়ভীতি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নড়াইল, ০২ ফেব্রুয়ারি (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি এম নাগিব হোসেনকে ভয়ভীতি ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামে নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন বি এম নাগিব হোসেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে আমাকে নির্বাচন থেকে দুরে রাখতে বুধবার দিনগত রাত ২টার দিকে ৬-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী মাইক্রোবাসযোগে দক্ষিণ যোগানিয়াস্থ আমার বাড়ির সামনে এসে আমাকে ডাকাডাকি করতে থাকে। তারা ডিবি পরিচয়ে আমার সাথে কথা আছে বলে আমাকে ঘরের বাইরে নেয়ার চেষ্টা করে। ঘরের ভেতর বসে তাদের সাথে কথা বলার এক পর্যায়ে আমার সন্দেহ হলে এতো রাতে আমি বাইরে যেতে অপারগতা প্রকাশ করি। বাইরে নিতে ব্যর্থ হয়ে তারা আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে আমার বাড়ির গেটে সজোরে আঘাত করে। প্রতিবেশিরা টের পেয়ে জড়ো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ফাঁকা গুলি ছুঁড়েছে বলে প্রতিবেশিরা জানিয়েছেন। আমি নির্বাচন করার ঘোষণা দেয়ার পর থেকে কয়েকবার হুমকির সম্মুখীন হয়েছি।
নাগিব হোসেন বলেন, আমাকে ভয়ভীতি বা হুমকি দিলেও আমি নির্বাচনের মাঠ ছাড়ব না। আমার ব্যক্তিগত কোন শত্রু নেই। নির্বাচনে অংশ নেয়ার কারণেই আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশনার, জেলা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানিয়েছি।
নাগিব হোসেনের প্রতিবেশি মিকু শেখ ও কল্লোল জানান, গুলির শব্দ ও গালিগালাজ শুনে আমরা ঘর থেকে বের হয়ে আসি। আশপাশের লোকজন জড়ো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে এক পর্যায়ে তারা পালিয়ে যায়।
নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম জানান, ঘটনা জানার পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছেন।
What's Your Reaction?

