‘জাতীয় নির্বাচনের আগেই বাকসু নির্বাচন করা সম্ভব’- শিবির সভাপতি

Nov 22, 2025 - 01:19
 0  73
‘জাতীয় নির্বাচনের আগেই বাকসু নির্বাচন করা সম্ভব’- শিবির সভাপতি
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ২ নভেম্ব (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) দীর্ঘ ২৮ বছর ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন হয়নি। এমতাবস্থায় বাকসু নির্বাচন নিয়ে ছাত্রশিবিরের অবস্থান নিয়ে কথা বলেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

শুক্রবার বাকৃবিতে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের দাবির প্রতি  একমত এবং সম্মান জানাই। যেহেতু বাকসু নির্বাচন শিক্ষার্থীদের চাওয়া, সেহেতু আমরা তাদের পাশে আছি। কিন্তু হেরে যাওয়ার ভয়ে অনেক ছাত্রসংগঠন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন চায় না।

তিনি আরও বলেন, আপনি যদি খেয়াল করেন ৫ আগস্টের পরে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলেছি ও দাবী উত্থাপন করেছি। যদিও অনেক ছাত্র সংগঠন নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তবুও চারটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দৃঢ়তার সাথে নির্বাচন আয়োজন করেছে। আরও তিনটি বিশ্ববিদ্যালয় তাদের ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে। এখন বাকৃবি শিক্ষার্থীদের দাবি যেহেতু বাকসু নির্বাচন নিয়ে আছে, আমরা আশা করবো প্রশাসন এটি বিবেচনা করবে। আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যেন সেই উদ্যোগ গ্রহণ করে। জাতীয় নির্বাচনের আগে যে সময়টা আছে এর মধ্যেও বাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব। এক মাসের প্রস্তুতি নিয়েও সেটা করা সম্ভব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা করার আহ্বান জানাচ্ছি

বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাছির ত্বোহার সভাপতিত্বে নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রহুল আমিন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো মশিউর রহমান, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ। এছাড়াও শাখা শিবিরের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিবির সভাপতি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে সবটুকু ভালো করাটা সর্বোচ্চ বুদ্ধিমানের কাজ। জীবনে সফল হতে সময় অপচয় বন্ধ করতে হবে, পরিশ্রমের মানসিকতা থাকতে হবে এবং আল্লাহর নেয়ামত থাকতে হবে। আমাদের জন্য যেটা কল্যাণকর, সেটা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। পাশাপাশি, পৃথিবীর জন্য, মানবতার জন্য আমাদের কি অর্জন, তা আমাদের ভাবতে হবে। জীবনের একটা সময় আমাদের থামতেই হবে, তাই দুনিয়ার ক্যারিয়ারের পাশাপাশি আখিরাতের সফলতার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এজন্য শিবির অনুপ্রেরনামূলক কাজ করে, দিক নির্দেশনা দেয়। আমরা আমাদের বিবেকের তাড়নায় কাজ করি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online