চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, দুই মণ ভেজাল গুড় জব্দ
রাজশাহী, ২১ জানুয়ারি (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বুধবার রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় রায়পুর এলাকায় অবস্থিত মেসার্স মায়ের দোয়া বেকারী প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও কেমিক্যাল জব্দ করা হয়।
এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন করায় পিরোজপুর এলাকায় অবস্থিত রাসেল গুড় ফ্যাক্টরীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং প্রায় দুই মণ (৮০ কেজি) ভেজাল গুড় জব্দপূর্বক ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট মোঃ রাহাতুল করিম মিজানের নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় চারঘাট থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?

