গোমস্তাপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, সতর্ক বার্তা নির্বাহী অফিসারের
নুহ আলম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ ঠেকাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিষ্টার ফিলিং স্টেশন-এ
শুক্রবার দেখা যায় ফিলিং স্টেশনটি ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে তেল বিক্রয় বন্ধ রেখেছে। কিন্তু স্টোরেজ যাচাই অন্তে দেখা যায় ফিলিং স্টেশনটিতে ২৩৬৮ লিটার পেট্রোল, ৩৭৬০ লিটার ডিজেল এবং ৩৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে। মজুদ থাকা সত্ত্বেও পণ্য (পেট্রোল, ডিজেল, অকটেন) বিক্রয় না করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
এ সময় জনপ্রতিনিধি হিসেবে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে তাঁর সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
অভিযান চলাকালে ইউএনও পাম্প মালিকদের তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য কঠোর নির্দেশ দেন। তিনি পাম্প মালিকদের সতর্ক করে বলেন, কোন অবস্থাতেই অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ক্রয় রশিদ নিশ্চিত করতে হবে।
জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
What's Your Reaction?

