চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র, মাদক ও গবাদিপশু উদ্ধার
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে মালিকবিহীন তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।
শুক্রবার ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের আশঙ্কা বাড়ায় সীমান্ত জুড়ে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৭ নভেম্বর রাতে চকপাড়া বিওপির টহল দল শাহাবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ এলাকার পাগলা নদীর তীরে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।
লে. কর্নেল কিবরিয়া জানান, উদ্ধার করা অস্ত্র দেশের অভ্যন্তরে নাশকতা বা আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত তিন বছরে মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ১৫ জন আসামিসহ ৩০টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। সীমান্তে অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনাকষা ও জহুরপুর বিওপির পৃথক বিশেষ অভিযানে দুইটি গরু ও ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
৫৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নদীপথে গবাদিপশু ও মাদক এনে বিভিন্ন চরে লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
What's Your Reaction?

