পায়ুপথে স্বর্ণ পাচারের সময় আটক একজন, ২টি স্বর্ণ বার উদ্ধার
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় পায়ুপথে স্বর্ণ পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৩১.৮১ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় এক বাংলাদেশি নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
আর্চওয়ে মেটাল ডিটেকটরের মাধ্যমে তল্লাশি চালালে তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে পরীক্ষা করা হয়।
এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে লুকানো অবস্থায় ২টি স্বর্ণের বার শনাক্ত করা হয়। পরে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার দুটি চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারি সমিতি পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করেছে।
উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২৩১.৮১ গ্রাম, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
আটক ব্যক্তি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বড় বড়াই কাউরাইদ গ্রামের মোঃ সানি মাই (২৭)। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সকল ধরনের অপকৌশল প্রতিরোধে সর্বদা সজাগ রয়েছে।”
What's Your Reaction?

