ছাত্রদলের সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়
নড়াইল, ৬ এপ্রিল (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইল জেলা ছাত্রদলের সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী স ম রাকিবুজ্জামান পাপ্পু। সোমবার কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ছাত্রদল নড়াইল জেলা শাখার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক স ম রাকিবুজ্জামান পাপ্পু, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম রাকিব, কালিয়া পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান রুবেল, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক স ম রাসেল রানা, কালিয়া পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মআহবায়ক মাসুদ রানাসহ দলীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ২০১৮ সালের ১৩ জুন নড়াইল জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি ফরিদ বিশ্বাস ও খন্দকার মাহমুদুল হাসান সনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০২১ সালের ৩১ মার্চ পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি।
বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ ৮ বছরেও জেলা ছাত্রদলের সম্মেলন হয়নি। ৫ আগস্ট পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এখন নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
এ প্রেক্ষাপটে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা তরুণ নেতৃত্ব স ম রাকিবুজ্জামান পাপ্পু নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় আছেন। ছাত্রদলের তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা রাকিবুজ্জামান পাপ্পু সংগঠনকে সুসংগঠিত করতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।
ছাত্রদল নেতা স ম রাকিবুজ্জামান পাপ্পু বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা, মামলা, নির্যাতন, ক্রসফায়ারের হুমকিসহ কারাবরণ করেছি। তবুও বিএনপির আদর্শ থেকে পিছপা হইনি। বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি কর্মসূচীতে সক্রিয় থেকেছি। এছাড়া জেলা বিএনপির সভাপতি বর্তমান নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের দিক-নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্রদলের একজন কর্মী হিসেবে সবাইকে নিয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি।
What's Your Reaction?

