চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির সদস্যরা।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ৩টা ১৫ মিনিটে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে। মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।
জব্দকৃত ৮৮টি ভারতীয় মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ টাকা। উদ্ধারকৃত মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত তিন মাসে পৃথক পৃথক বিশেষ অভিযানে ৪ জন আসামিসহ ভারতীয় ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ, ৩০৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোনসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫৩ লাখ টাকা।
অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ৫৩ বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান রোধে সীমান্ত ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
What's Your Reaction?

