সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও বিড়ির সামগ্রী জব্দ
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, ১২০ কেজি বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধীনস্থ মনোহরপুর বিওপির টহল দল পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকাল ৭টা ১০ মিনিটে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় ১৪৩টি বিভিন্ন ধরনের ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এরপর সকাল ৯টা ৫০ মিনিটে একই ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে মনোহরপুর বিওপির নিয়মিত টহল দল অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করে।
বিজিবি জানায়, জব্দ করা মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, বিড়ির মসলা ও বাইসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, মাদক চোরাচালান দমন এবং সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে।
What's Your Reaction?

