সীমান্তে পাথরের ট্রাকে মিলল ভারতীয় ট্রাক যন্ত্রাংশের বিশাল চালান

Jun 29, 2026 - 23:13
 0  4
সীমান্তে পাথরের ট্রাকে মিলল ভারতীয় ট্রাক যন্ত্রাংশের বিশাল চালান
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকের বিপুল পরিমাণ যন্ত্রাংশ, পাথর বোঝাই একটি ট্রাক ও একজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সোনামসজিদ বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি পাকা সড়কে ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা ভারতীয় পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালান সংশ্লিষ্ট মো. মাহফুজুর রহমান (২৩) নামে একজনকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাসিন্দা।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত যন্ত্রাংশের পাশাপাশি প্রায় ১০ টন পাথরবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি, জব্দকৃত মালামাল ও ট্রাকটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, এর আগের দিন মহানন্দা ব্যাটালিয়ন পৃথক এক অভিযানে পরিত্যক্ত একটি পুকুর থেকে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online