শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে গুলিসহ অস্ত্র উদ্ধার

Jan 10, 2026 - 06:33
 0  69
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে গুলিসহ অস্ত্র উদ্ধার
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বৃহস্পতিবার রাত পৌন ১০টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষিতে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রের কয়েকটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরই ধারাবাহিকতায় গত দুই মাস ধরে ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
এর অংশ হিসেবে ৮ জানুয়ারি রাতে আজমতপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এসব অস্ত্র দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারত। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারণ ডায়েরি করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা রয়েছে।
বিজিবি জানায়, গত ছয় মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) মোট ছয়টি বিদেশি অস্ত্র/ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া গত তিন বছরে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামিসহ ৩৩টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online