পৃথক অভিযানে ইয়াবা, নেশাজাতীয় ট্যাবলেট ও গরু জব্দ
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, নেশাজাতীয় ট্যাবলেট এবং ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
বুধবার সদর ও শিবগঞ্জ উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়। বাখেরআলী বিওপির বিশেষ টহল দল তেকোনামাঠ এলাকায় অভিযান চালিয়ে ৬৯০ পিস ইয়াবাসহ সজিব (৩০) নামের এক যুবককে আটক করে। তিনি চোরাচালানের সাথে প্রায় ছয় মাস ধরে যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাকে ইয়াবাসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর টহল দল আজমতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪,৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেন্সিউইন উদ্ধার করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারী বস্তা ফেলে ভারতীয় সীমান্তমুখী পালিয়ে যায়। উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য প্রায় ১০ লাখ টাকা। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া নিশ্চিত করেন যে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
এছাড়া, ৫৩ বিজিবির মনোহরপুর, জহুরপুর ও জহুরপুরটেক বিওপির টহল দল পৃথক অভিযানে সদর ও শিবগঞ্জ উপজেলায় ছড়িয়ে রাখা ৮টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। বিজিবি জানায়, চোরাচালান রোধে সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে।
What's Your Reaction?

