নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড. ফরহাদকে গণসংবর্ধনা

Dec 30, 2025 - 06:37
 0  66
নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড. ফরহাদকে গণসংবর্ধনা
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ২৮ ডিসেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার নড়াইল চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে ড. ফরহাদকে ফুলেল শুভেচ্ছাসহ গণসংবর্ধনা জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু ও টিপু সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত, নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক আরমান আলী খান, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বিএনপি নেতা প্রকৌশলী জিয়াউর রহমান লোটাস, আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্স, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম আনিসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে শনিবার দুপুরে ঢাকা থেকে নড়াইলের লোহাগড়ায় আসেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। সেখানে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এরপর নড়াইল জেলা শহরে আসেন। দলীয় কার্যালয়ে সংবর্ধনা শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে যান দলীয় প্রার্থী ড. ফরহাদসহ নেতাকর্মীরা।  
ড. ফরিদুজ্জামান ফরহাদ জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগ দেন তিনি। বিএনপিতে যোগদান করে নড়াইল-২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়নপেয়েছেন ড. ফরহাদ।
ড. ফরহাদ দলীয় ঐক্য বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। নড়াইলের মাটি, মানুষ ও সম্ভাবনাকে সঙ্গে নিয়ে আমরা একটি ন্যায্য, শান্তিপূর্ণ ও উন্নত নড়াইল গড়তে চাই। আমার রাজনীতি প্রতিহিংসার নয়-ঐক্যের। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে আপনাদের কণ্ঠ সংসদে তুলে ধরব, নিয়মিত আপনাদের কাছে জবাবদিহি করব।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। রাষ্ট্রের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দায়িত্ব পালনের ওপর আস্থা রেখে আসন্ন জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online