গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ), ৬ এপ্রিল (প্রতিনিধি/আওয়ার ভয়েস) –গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার বাংগাবাড়ি তেলিপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে বাংগাবাড়ি দাড়িপাতা নুরানি মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। সে ওই নূরানী মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী ছিল।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সহ-সভাপতি তোফাজ্জল হক। বক্তব্য রাখেন বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর নেতা ডাঃ আবদুল গনি, ইউপি সদস্য তরিকুল ইসলাম, বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, মুনিরুল ইসলাম, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন, দাড়িপাতি নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা বলেন, এই শিশু হত্যাকারী আসামিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি হস্তান্তর করে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জন্য আবেদন জানাচ্ছি।
উল্লেখ্য, রবিবার উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোজ শরীফার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গত শুক্রবার তার নানার সাথে আলিনগর মক্রমপুরে তাফসীর মাহফিল শোনার জন্য তার ফুফুর বাড়ি যায়। সেখানে তার দুলাভাই তাকে হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে রেখেছিল।
এ বিষয়ে মামলার আইও গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আওয়াল জানান, লাশের সুরতহাল রিপোর্টে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামি অন্তর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
What's Your Reaction?

