সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ ভারতীয় গরু জব্দ

May 12, 2026 - 22:26
 0  31
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ ভারতীয় গরু জব্দ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল সদর উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়।

জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১২টি গরু জব্দ করা হয়েছে। এসব গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online