সীমান্তে পৃথক অভিযানে বিপুল ভারতীয় গরু ও মদ জব্দ
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, সোমবার রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত ৫৩ বিজিবি পৃথক ৬টি অভিযান পরিচালনা করে এসব মদ ও গরু জব্দ করে।
মনোহরপুর বিওপি শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।
এছাড়া বিভিন্ন বিওপির অভিযানে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। এর মধ্যে মাসুদপুর বিওপি নিশিপাড়া এলাকা থেকে ১টি, জহুরপুর বিওপি খলিফারচর এলাকা থেকে ৩টি, বাখেরআলী বিওপি সোনাদিয়াচর এলাকা থেকে ৪টি, ফরিদপুর বিওপি কদমতলীচর এলাকা থেকে ৪টি এবং মনাকষা বিওপি কদমতলা এলাকা থেকে ২টি গরু জব্দ করে।
জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা। জব্দ হওয়া মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ৩৩টি ভারতীয় গরু ও ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।
অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
What's Your Reaction?

