সীমান্তবর্তী ৬১ উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
একই সঙ্গে দেশের অন্যান্য উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে বিজিবি। রোববার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন ও সরকারের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
অধিনায়ক আরও বলেন, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
তিনি জানান, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যেই বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে। পাশাপাশি ভোটারদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্বুদ্ধকরণ মূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যে কোন সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী কিছু বিওপিতে জনবল বৃদ্ধি করে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনো কুলারের মাধ্যমে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সদর ও বিওপি সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট ১৯টি চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলছে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন থাকবে। নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করা হবে।
তিনি আরও জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই আসন্ন নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি এই ৬টি উপজেলা বাদে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে। নির্বাচনকালীন মোতায়েনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। পাশাপাশি ৫৩ বিজিবি নাটোর জেলার ৭টি উপজেলায় আরও ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করবে।
এছাড়া দেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কেএ-৯ ডগ স্কোয়াড ইউনিট। যে কোন জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে।
বিজিবি আশা প্রকাশ করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোঃ সাজ্জাদুল ইসলাম ও এডি রফিকুল ইসলাম।
What's Your Reaction?

