সময় টিভির সহযোগী প্রযোজক সজলের দাফন সম্পন্ন

Nov 28, 2025 - 06:48
 0  53
সময় টিভির সহযোগী প্রযোজক সজলের দাফন সম্পন্ন
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে একই স্থানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার দুপুরে ঢাকার মগবাজারে সজল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি ২০২৩ সালে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে সময় টিভির রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে কর্মস্থলে অসুস্থতা অনুভব করলে তিনি নিকটস্থ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর অফিসে ফিরে দুপুরের খাবার খান এবং পরে মগবাজারে নিজের বাসায় চলে যান। চারতলার ফ্ল্যাটের গেট খুললেও তিনি ভেতরে ঢোকার আগেই সিঁড়িতে অচেতন হয়ে পড়েন। প্রতিবেশীরা দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা সিপিআর দিলেও তাকে আর ফিরিয়ে আনা যায়নি। চিকিৎসকের ভাষ্য, হাসপাতালে আনার আগেই তিনি হার্ট অ্যাটাকে মারা যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে লেখাপড়া শেষে সজল ২০১৩ সালে সময় টেলিভিশনের প্রযোজনা বিভাগে যোগ দেন। এছাড়া লেখালেখি ও প্রামাণ্যচিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ছাত্রজীবনে সাপ্তাহিক গৌড় সংবাদ’-এ রহনপুর প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং বিশ্ববিদ্যালয় জীবনে বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। পরে সময় টিভিতে চাকরির পাশাপাশি কিছুদিন চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, বাবা-মাসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। তার স্ত্রী টাঙ্গাইলের একটি কলেজে শিক্ষকতা করেন। ঢাকায় সজল একাই থাকতেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online