লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
নড়াইল, ০৪ জুলাই (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলের লোহাগড়া কলেজপাড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী দুই ভাই জাহিদুর রহমান ও ওহিদুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে নড়াইলের লোহাগড়া কলেজপাড়ায় তাদের বসতঘরসহ শ্রেষ্ঠা-শাকিরা বিজ্ঞান ক্লাব ভাঙচুর করা হয়েছে। টিনের চালা, বেড়া ও বৈদ্যুতিক বোর্ড ভেঙ্গে ফেলে লোহাগড়া মৌজার ৩৫৪ দাগের প্রায় ৯ শতক জমি দখলের চেষ্টা করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তাদের পৈতৃক সম্পত্তি এখনো আইনানুযায়ী বণ্টননামা বা বাটোয়ারা করা হয়নি। কিন্তু অভিযুক্ত মাহমুদ আলম, লিয়াকত হোসেন লিকু ও তাহানূর সম্পূর্ণ অন্যায়ভাবে বায়নাপত্রের অজুহাতে তাদের পৈতৃক জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করেন। বেআইনিভাবে বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভেঙে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী দুই ভাই জাহিদুর ও ওহিদুর রহমান।
তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্তপক্ষের লিয়াকত হোসেন লিকু দাবি করে বলেন, এই জমির মালিক জাহিদুর ও ওহিদুর নয়। জমির মালিক ওনাদের বোন। সেই বোনের কাছ থেকে আমরা জমি কিনেছি। অথচ তারা থানায় অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, জমি দখলের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে, কোনো পক্ষকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?

