পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহলদল সকাল ৫টা থেকে ১১টার মধ্যে দুটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করে।
অপর অভিযানে মনাকষা বিওপির আরেকটি টহলদল একই ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ১৫৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত সিরাপগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, জব্দকৃত নেশাজাতীয় সিরাপ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?

