উদ্যোক্তাদের খোঁজে বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা

Jan 20, 2026 - 13:47
 0  82
উদ্যোক্তাদের খোঁজে বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ১৯ জানুয়ারি (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) তরুণদের উদ্ভাবনী ব্যবসায়িক চিন্তাকে বাস্তবিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা থেকেই প্রথমবারের মতো এ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটের (আইএডিএস)।

রবিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় একে একে বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী দল 'টিম গ্রিন ডাই', ফার্স্ট রানার আপ 'টিম ক্যালসার, সেকেন্ড রানার আপ 'টিম ব্রেইনিয়াক্স'। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে 'টিম অ্যাকুয়া সেন্স' এবং 'এগ্রি উদ্যোগ'

প্রতিযোগিতার আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতাটি শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এতে আড়াই শতাধিক ব্যবসায়িক আইডিয়া জমা পড়ে। প্রতিটি দলে তিনজন করে সদস্য ছিল। প্রাথমিক বাছাই ও একাধিক মূল্যায়ন ধাপ শেষে দ্য ব্রেইনিয়াক্স, টিম ক্যালসার, টিম এগ্রি উদ্যোগ, টিম অ্যাকুয়া সেন্স এবং টিম গ্রিন ডাই- এই পাঁচটি দলকে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়।

চূড়ান্ত পর্বে নির্বাচিত দলগুলো তাদের উদ্যোগের বিস্তারিত উপস্থাপনা তুলে ধরে। প্রতিটি উপস্থাপনা শেষে উদ্যোগগুলোর বিষয়বস্তু নিয়ে মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এসময় 'দ্য ব্রেইনিয়াক্স' জৈব আবর্জনা (কলার খোসা, কমলার খোসা ইত্যাদি) থেকে পরিবেশবান্ধব কাগজ তৈরির উদ্যোগ উপস্থাপন করে। টিম এগ্রি উদ্যোগএকটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম উপস্থাপন করে, যেখানে কৃষি বন্ধুঅ্যাপের মাধ্যমে বীজ বপন থেকে শুরু করে ফসল চাষের বিভিন্ন ধাপে দিকনির্দেশনা পাওয়া যাবে। পাশাপাশি কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মুঠোফোনে যোগাযোগের সুবিধাও রাখা হয়েছে।

টিম অ্যাকুয়া সেন্সউপস্থাপন করে একটি বিনিয়োগ ও চাষ ব্যবস্থাপনা ভিত্তিক ইকোসিস্টেম। এতে চলমান প্রকল্পগুলোর তথ্য, কাজের অগ্রগতি ও অর্জিত মুনাফার বিবরণ থাকবে। পাশাপাশি পানির গুণগত মান পর্যবেক্ষণের জন্য তারা একটি ডিভাইসের প্রোটোটাইপ নকশা করেছেন। এটি সফটওয়্যার সেবার মাধ্যমে কৃষকদের কৃষিপণ্য সরবরাহের প্রতিটি ধাপের সঙ্গে যুক্ত করবে।

এছাড়া টিম গ্রিন ডাইমাইক্রোঅর্গানিজম ব্যবহার করে পরিবেশবান্ধব রঞ্জক তৈরির একটি উদ্যোগ উপস্থাপন করে। দেশের টেক্সটাইল শিল্প থেকে হওয়া পরিবেশদূষণ কমাতে ভূমিকা রাখতে পারবে এই উদ্যোগ।

এর আগে অনলাইনে নিজেদের বিষয়বস্তু নিয়ে উপস্থাপন করেন 'টিম ক্যালসার'। ডিমের খোসার বর্জ্য ব্যবস্থাপনা এবং খোসাকে জৈবিক সার হিসেবে ব্যবহার নিয়ে আলোচনা করেন তারা।

আইএডিএস-এর পরিচালক অধ্যাপক ড. ছাদেকা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোফাইবার লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ড. মো. কামরুজ্জামান কায়সার এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, তরুন প্রজন্ম হলো বিশ্বের সত্যিকারের সম্পদ। তারাই সামনে বিশ্ব চালাবেন। দেশ থেকে বিশ্ব দরবারে পৌঁছাতে তাদেরকে প্রস্তুত করার জন্যে এই প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ সিঁড়ি হয়ে থাকবে। আমার বিশ্বাস, একজন মানুষের মধ্যে পরিশ্রম, ধৈর্য্য এবং ভালো ব্যবহার থাকলে তার সাফল্য আসবেই। আমি তরুণকে আহ্বান জানাচ্ছি আপনাদের চিন্তাকে আরও বিকশিত করুন। কোথায় কোথায় আপনাদের মেধাকে বিনিয়োগ করার সুযোগ আছে সেটি খুঁজে বের করুন।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online