সীমান্তের শূন্য লাইনে আত্মীয়ের মৃতদেহ দেখার সুযোগ মিলল

Dec 6, 2025 - 07:27
 0  101
সীমান্তের শূন্য লাইনে আত্মীয়ের মৃতদেহ দেখার সুযোগ মিলল
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মৃত ফনি বেগমের (৭৫) লাশ দেখার সুযোগ করে দিল বাংলাদেশ বর্ডার গার্ডের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

মানবিক উদ্যোগের এই ঘটনায় মৃতের বাংলাদেশে বসবাসকারী স্বজনরা আবেগে আপ্লুত হয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টায় মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের বাসিন্দা ফনি বেগম বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃতের ভাই আতাউর রহমান (৬০) ও অন্যান্য আত্মীয়-স্বজনরা লাশ দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন।

আবেদন পাওয়ার পর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) প্রতিপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর কাছে শূন্য লাইনে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে মৃত নারীর লাশ দেখানো হয়।

শেষবারের মতো আত্মীয়ের মুখ দেখতে পেরে বাংলাদেশি স্বজনেরা আবেগে কান্নায় ভেঙে পড়েন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন বিজিবি সবসময় মানবিক কাজে অগ্রগামী। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এমন উদ্যোগ নেই। জনগণের পাশে দাঁড়ানো আমাদের মৌলিক কর্তব্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online